অনলাইনে ৪ সেকেন্ডে শেষ ট্রেনের ১০৯৫ টিকিট
করোনাকালে মাত্র ১৭ যাত্রীবাহী ট্রেন চলছে সারাদেশে, তাও আবার অর্ধেক আসন খালি রেখে। সপ্তাহ দুই আগেও যাত্রী সঙ্কট থাকলেও এখন ঈদের আগে ব্যাপক চাপ রেলের অনলাইনে। অনলাইনে ছাড়ার মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ টিকিট।
শনিবার দেওয়া হয়েছে বুধবারের টিকিট। ঠিক সকাল ছয়টায় অনলাইনে ছাড়ার প্রথম চার সেকেন্ডে এক হাজার ৯৫টি টিকিট বিক্রি হয়।
সেকেন্ডের ব্যবধানে টিকিট পাননি বহুযাত্রী। তাদের অনেকেই রেল সংক্রান্ত ফেসবুক গ্রুপগুলোতে ক্ষোভ জানিয়েছেন। অনেকের অভিযোগ ট্রেনের টিকিটে কারসাজি চলছে। শনিবার সকালে ছয়টা ২ মিনিটে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটের দু’টি ট্রেনের সবক’টি টিকিট বিক্রি হয়ে গেছে। সকাল সোয়া ছয়টায় সিলেটমুখী ছাড়া আর ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেনেই আসন ছিল না। যেসব টিকিট ছিল, তার সবই ছিল বিভিন্ন গন্তব্য থেকে ঢাকামুখী ট্রেনে।
তরিকুল ইসলাম নামে একজন যাত্রী ফেসবুকের ‘বিডি রেল’ গ্রুপে অভিযোগ করেন টিকিট কালোবাজারে চলে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, পরপর দু’দিন ঠিক সকাল ছয়টায় চেষ্টা করেও ঢাকা-জামালপুর রুটের ‘তিস্তা এক্সপ্রেস’র কেবিনের টিকিট পাননি।
তবে রেল ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের দাবি, অনিয়মের কোনো সুযোগই নেই। ঈদের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় প্রথম মিনিটেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। যারা ন্যানো সেকেন্ড পিছিয়ে পড়েন, তারা টিকিট পান না।